সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের বিষয়ে সরকারবিরোধী স্ট্যাটাস ও মন্তব্য করার অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেলকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি এবং সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে ফেসবুকে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে শাহরিয়ার কবির রুবেলকে এর আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তার দেওয়া জবাব দলীয় নেতৃত্বের কাছে সন্তোষজনক মনে হয়নি। দলীয় নেতৃত্বের মতে, সরকারের কোনো কর্মকাণ্ড বা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আপত্তি থাকলে তা দলীয় ফোরামে আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ না করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে দলকে হেয় প্রতিপন্ন করেছেন, যা দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হয়েছে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয় যে, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরেও শাহরিয়ার কবির রুবেল অন্যান্য সরকারবিরোধী পোস্টে সহমত প্রকাশ করে মন্তব্য করেছেন। তার এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই সিদ্ধান্তের বিষয়ে জানতে শাহরিয়ার কবির রুবেলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।




