নিজস্ব প্রতিনিধি,সাতকানিয়া : সাতকানিয়া উপজেলায় স্থানীয়দের সহযোগিতায় বস্তাবন্দি অবস্থায় একটি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। সোমবার (২২ জুন) বেলা ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাবন্দি কচ্ছপটি উদ্ধার করা হয়।
জানা যায়, বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। চালক একটি দোকান থেকে খাবার খেয়ে অটোরিকশায় উঠার সময় সামনের সিটের পাশে বস্তাবন্দি অবস্থায় কচ্ছপটি দেখতে পান। এরপর স্থানীয়রা বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তাকে খবর দেন। পরে তারা এসে হলুদ পাহাড়ি কচ্ছপটি উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেন।
স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, আমরা প্রথমে এটাকে সাধারণ কচ্ছপ মনে করেছিলাম। পরবর্তীতে বন বিভাগের লোকজনদের মাধ্যমে জানতে পারি, এটি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ। এরপর আমরা সেটিকে বন বিভাগের হাতে তুলে দিয়েছি।
বড়দুয়ারা বিট কাম থেকে স্টেশন কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, এটি মূলত মহাবিপন্ন প্রজাতির হলুদ পাহাড়ি কচ্ছপ। সাধারণত এরা ডাঙায় বসবাস করে। হলুদ পাহাড়ি কচ্ছপের বৈজ্ঞানিক নাম হলো Indotestudo elongata উদ্ধারের পরপরই কচ্ছপটি সংরক্ষিত বনাঞ্চলে আবমুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, বন বিভাগ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের হিসাবে বাংলাদেশে মোট ৩০ প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এদের মধ্যে হলুদ পাহাড়ি কচ্ছপ হচ্ছে একটি মহাবিপন্ন প্রজাতি। এরা ডাঙাতেই বেশি সময় থাকে।




