দি ক্রাইম ডেস্ক: মিরসরাইয়ে টিলা থেকে মাটি কাটতে গিয়ে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল রানা নামে আরও এক কিশোর আহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের গেরামারা এলাকার বড়থলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামের মৃত বশর আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে সায়েম টিলার পাদদেশে একটি জায়গা ক্রয় করে। সেখানে বসতভিটার মাটি ভরাটের জন্য কয়েকদিন ধরে ঘরের পাশের টিলা থেকে নিজেই মাটি কাটছিল। বুধবার (গতকাল) রাতে সে মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম ও তার পাশে থাকা সোহেল রানা মাটির নিচে চাপা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
নিহতের মা ছালেহা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে ছেলে-মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলাম। কিন্তু একমাত্র ছেলেকে হারিয়ে এখন আমি দিশেহারা হয়ে পড়েছি।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায়, সায়েম নামে এক কিশোর মারা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



