দি ক্রাইম ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশি নাগরিককে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) বিকেলে তাদের হস্তান্তর করা হয়। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২)।
কুলাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে মুরইছড়া চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের স্থানীয় মুরইছড়া ক্যাম্পের টহল দল। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং সম্প্রতি বিএসএফ তাদের আটক করে পুনরায় সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়।
আটকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। এই খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে স্বজনেরা থানায় উপস্থিত হলে আইনি প্রক্রিয়ার শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।




