ক্রীড়া ডেস্ক: চিটাগং ইউনিভার্সিটি স্পোর্টস ম্যানেজমেন্ট ক্লাব আয়োাজিত স্বাধীনতা দিবস টেবিল টেনিস টুর্ণামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার (২৮ মার্চ) দুপুর ১২ টায় চবি শেখ কামাল জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে সভাপতিত্ব করেন চবি ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন।
উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং এ উপলক্ষে টেবিল টেনিস টুর্ণামেন্ট আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। উপাচার্য খেলোয়াড়দের খেলা উপভোগ করে মুগ্ধ হন।
তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের মধ্য দিয়ে পরিপূর্ণ আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠতে একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অপরিহার্য। এ ছাড়া খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতার স্বাক্ষর রাখতে হবে। এতে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে তেমনি প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হবে। পরে মাননীয় উপাচার্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের খন্ডকালীন শিক্ষক নজরুল ইসলাম, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আনিসুল আলম, মোঃ হাবিবুর রহমান জালাল, সিরাজউদ্দিন মোঃ আলমগীর, মোঃ রাশেদ বিন আমীন চৌধুরী, মোহাম্মদ শোয়াইবসহ অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী ফাহমিদ হক দীপ্ত ও তাহরিমা আক্তার মিল্কী।
উল্লেখ্য, গত ২২ মার্চ থেকে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে ৫৮ টি খেলা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ছেলেদের দ্বৈত দলে ২৪ জন এবং মেয়েদের একক দলে ১৬ জন অংশগ্রহণ করে। ফাইনাল খেলা ছেলেদের মধ্যে (দ্বৈত) ডিউ ইনভিন্সিবল দল (ব্রাইট চাকমা ও রাদেতুন ইফতেসাম) চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং মেয়েদের মধ্যে (একক) নুসরাত জাহান তৃণা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
Post Views: 669



