দি ক্রাইম ডেস্ক: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে একটি ডেইরি ফার্মের ১০টি গরু ও ১৩টি ছাগল পুড়ে মারা গেছে। এ সময় খামার সংলগ্ন পাঁচটি দোকান ঘরও ভস্মীভূত হয়। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালিনী কারখানার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ‘মা–বাবার দোয়া ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মে’ হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে পুড়ে খামারের সব গবাদিপশু মারা যায়। এছাড়া স্থানীয় শুক্কুর সওদাগরের মালিকানাধীন পাঁচটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত খামারের মালিক হাবিবুর রহমান মিন্টু বলেন, আগুনে আমার ১০টি গরু ও ১৩টি ছাগল পুড়ে মারা গেছে। এই খামার থেকে প্রতিদিন অন্তত ৩০ লিটার দুধ পাওয়া যেত। এখন আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। ক্ষতিগ্রস্ত মুদি দোকানি সুমন জানান, দোকান থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।




