লক্ষ্মীপুর প্রতিনিধি: এবারের নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং ছিলো। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে । দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং বহু ত্যাগের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে।
আজ শনিবার(২১ ফেব্রুয়ারী) লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রেস ক্লাব আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাকুর রহমান।
তিনি বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ লক্ষ্মীপুর গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। দীর্ঘদিনের বঞ্চিত অবহেলিত বৃহত্তর নোয়াখালীর উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করবে বর্তমান সরকার। শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা সুবিধা বৃদ্ধি করাসহ পর্যায়ক্রমে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। আইনশৃঙ্খলার উন্নয়নকে প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রাধিকার দিয়েছেন, দলীয় প্রভাব খাটিয়ে আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
পানি সম্পদ মন্ত্রী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সাংবাদিক সমাজ অগ্রণী ভূমিকা পালন করে। গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন তিনি।
জলাবদ্ধতা লক্ষ্মীপুরের দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, জলাবদ্ধতা দূরীকরণে ভুলুয়া নদী এবং রহমতখালী খাল পুনঃখনন করা হবে। রামগতি, কমলনগরসহ নদী ভাঙনে উদ্যোগ গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী খাল-জলাশয়-পুকুর খননে ইতোমধ্যে ১৮০ দিনের কর্মসূচি দিয়েছেন। শীঘ্রই সারা দেশে খাল খনন ও পুনঃখনন শুরু হবে।
সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।




