দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় এক জামায়াতে ইসলামীর কর্মীর মোটরসাইকেলের গতিরোধ করে লাঠি দিয়ে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ভরিয়ারকুল সড়কের হাতিয়ারকুল বায়তুর রহমান মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন (৩২)। তিনি সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গারাংগিয়া গ্রামের সুপারিন্টেন্ডেন্ট পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন মোটরসাইকেলে করে বাড়ি থেকে হাতিয়ারকুল এলাকায় যাওয়ার পথে কয়েকজন যুবক তার গতিরোধ করেন। অভিযোগ রয়েছে, তাকে প্রথমে লাঠি দিয়ে মারধর করা হয় এবং পরে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যান।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়।
সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মহি উদ্দীন বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তারেক হোছাইন বলেন, আহত ব্যক্তি তাদের দলের সক্রিয় কর্মী। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে সাতকানিয়া থানা–র অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




