দি ক্রাইম ডেস্ক: মীরসরাই উপজেলায় একটি খামারের প্রহরীকে বেঁধে খামার থেকে ৪০টি ছাগল লুটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশন এলাকার আল বারাকা এ্যাগ্রো খামারে উক্ত ঘটনা ঘটে।
ভুক্তভোগী খামারের মালিক হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু হেনা কায়সার বলেন, আমার বাড়ি হাইতকান্দি ইউনিয়নে হলেও দুই বছর ধরে আমি এখানে কর্মচারী রেখে একটি খামারটি করেছি। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির উদ্দেশ্যে ছাগলগুলো প্রস্তুত করা হচ্ছিল। গভীর রাতে ১২ থেকে ১৩ জন মুখোশধারী খামারে প্রবেশ করে। প্রথমে তারা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নেয়, যাতে ঘটনার কোনো ফুটেজ সংরক্ষিত না থাকে। এরপর খামারের প্রহরীকে জোরপূর্বক একটি পিকআপে তুলে তাকেসহ ৪০টি ছাগল নিয়ে যায়। কিছু দূরে রেললাইন পার হয়ে প্রহরীকে ছেড়ে দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
আবু হেনা কায়সার আরও বলেন, প্রতিটি ছাগলের মূল্য ১২–১৩ হাজার টাকা। বিষয়টি মৌখিকভাবে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাকে জানিয়েছি।
খামারের প্রহরী নুরুল আফসার বলেন, রাত সাড়ে ১২টার দিকে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ ছাগলের চিৎকারে ঘুম ভেঙে যায়। কী হচ্ছে দেখতে কক্ষ থেকে বের হতেই চার–পাঁচজন লোক আমাকে ধরে ফেলে। তারা আমার চোখ ও হাত বেঁধে খামারের গ্রিলের সঙ্গে বেঁধে রাখে। কিছুক্ষণ পর আমাকে একটি ট্রাকে তুলে নেয়। রাত প্রায় ২টার দিকে চোখ বাঁধা অবস্থায় আমাকে একটি স্থানে ফেলে রেখে তারা ছাগলগুলো নিয়ে চলে যায়।
এ বিষয়ে নিজামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে অনুসন্ধান চলছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




