দি ক্রাইম ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নজুরপাড়া এলাকায় চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবার এখন চরম অনিশ্চয়তায় পড়েছে।
স্থানীয়দের মতে, দুপুরে একটি রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। শুষ্ক আবহাওয়া এবং দাহ্য উপকরণে নির্মিত ঘর হওয়ায় আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো এলাকা গ্রাস করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে খোরশেদ আলমের একটি পাকা ঘর এবং মাওলানা খোরশেদ আলম, শহর আলী, আহমদ আলী ও নুরুল হকের কাঁচা ঘর রয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা জানান, কিছু বুঝে ওঠার আগেই আগুন সবকিছু গ্রাস করে। এখন মাথা গোঁজার ঠাঁই নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও সহায়তার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। এলাকাবাসীও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।




