সাতকানিয়া প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে একদিন আগে রোজা রাখবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সেহেরি খাওয়ার মাধ্যমে বুধবার থেকেই রোজা পালন করবেন এসব গ্রামের বাসিন্দারা। সেই সঙ্গে মঙ্গলবার রাতে তারাবির নামাজও আদায় করবেন এসব গ্রামের মুসল্লিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করবেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া উপজেলার অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। এ দরবারের অনুসারীরা দীর্ঘ ২০০ বছরের বেশি সময় ধরে সারা বিশ্বের মুসলমানদের একই সঙ্গে ধর্মীয় অনুশাসন পালনের ধারণা এবং আরব বিশ্বের সঙ্গে মিল রেখে এভাবে রোজা, কোরবানি ও ঈদ পালন করে আসছেন।
মির্জারখীল দরবার শরীফের অনুসারী সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, ছোটহাতিয়া, আছারতলি, সাইরতলি, গারাঙ্গিয়া, এওচিয়া, খাগরিয়া, ছদাহা, গাটিয়াডাঙ্গা এবং লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী, ভেল্লাপাড়াসহ ৫০ গ্রামের লক্ষাধিক মানুষ বুধবার রোজা শুরু করবেন।
এ ছাড়াও বোয়ালখালী, চন্দনাইশ, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, নোয়াখালী, চাদঁপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও ভারত, মিয়ারমার, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্নস্থানে যেখানে মির্জাখীল দরবারের অনুসারী রয়েছেন তারাও মঙ্গলবার দিবাগত রাতে সেহেরি খেয়ে প্রথম রোজা পালনের মধ্যে দিয়ে রোজা শুরু করবেন।
মির্জারখীল দরবার সূত্রে জানা যায়, প্রায় আড়াই’শ বছর আগে সাতকানিয়া উপজেলার মির্জারখীল গ্রামে হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগীরি (রহ.) হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী পৃথিবীর যেকোনো দেশে চাঁদ দেখা গেলে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ সব ধর্মীয় উৎসব পালন করার ফতোয়া দিয়েছেন। তারই ধারাবাহিকতায় মুরিদ ও অনুসারীরা একই নিয়মে সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।
বুধবার থেকে সিয়াম পালনের বিষয়ে মির্জাখীল দরবারের দায়িত্বশীল মুহাম্মদ জালালুল হাই বলেন, আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে আমাদের নিকটবর্তী সময়ের কম ব্যবধান এবং আমাদের পূর্বের দেশসমুহে চন্দ্র দর্শন বিবেচনায়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দ্রাঘিমাংশ ও অক্ষাংশের হিসেবে চাঁদের অবস্থান এবং মক্কা ও মদীনা শরীফে তথা আরব বিশ্বের চাঁদ দেখার খবর বিভিন্ন দেশি-বিদেশি ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জ্ঞাত হয়ে বুধবার পবিত্র রমজান মাসের সিয়াম পালন শুরু করবো, ইনশাআল্লাহ। সে অনুযায়ী মঙ্গলবার রাতে আমরা সেহেরি খেয়ে রোজা রাখা শুরু করব।




