বগুড়া প্রতিনিধি: বগুড়া-৪ আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে যুবদল নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ পাঁচজন। তাদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ফিলিং স্টেশন এলাকায় বিএনপি অফিসের পাশে তাদের ওপর হামলা হয়।
আহতরা হলেন- ভাটগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ট্রান্সপোর্ট অফিসের সেক্রেটারি রবিউল ইসলাম, বিশা গ্রামের আতিকুল ইসলাম রাসেল, নয়ন আলী এবং নিজামতকুড়ি এলাকার সাইদুল ইসলাম।
স্থানীয়রা জানান, বগুড়া-৪ আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যায় ভাটগ্রাম ইউনিয়ন যুবদল। ফিলিং স্টেশন সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের পাশে হিন্দুপাড়া রাস্তা এলাকায় চা পান করছিলেন তারা। এ সময় তাদের ওপর হামলা হয়।
নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল অভিযোগ করেন, একাধিক ডাকাতি মামলার আসামি মুক্তার হোসেন ও মাদক কারবারি উজ্জলের নেতৃত্বে ১০-১২ জন যুবক হামলা চালায়। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রান্সপোর্ট চালান অফিসে হামলা করে ক্যাশিয়ার আনোয়ার হোসেনকে মারপিট করে। মাসিক চাঁদা দাবি করে অফিসে তালা ঝুলিয়ে দেয় তারা। খবর পেয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি যুবদল নেতা রবিউল ইসলাম ঘটনাস্থলে গেলে তাকে মারধর করা হয়। ঘটনার এক ঘণ্টা পর নন্দীগ্রামে বিএনপি অফিসের পাশে আবারো হামলার শিকার হন যুবদল নেতাকর্মী।
বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আবুল কাশেম জানান, আহত কয়েকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।




