নগর প্রতিবেদক: মহান মে দিবস উপলক্ষে গতকাল সোমবার (০১ মে) বিকাল ৫টায় চট্টগ্রাম মহানগরীর জেলা শিল্পকলা একাডেমিতে নানা অনুষ্ঠানমালার মাধ্যমে মহান মে দিবস উদযাপন করেছে চট্টগ্রামের ১১টি প্রতিনিধিত্বশীল সাংস্কৃতিক সংগঠনের যৌথ মোর্চা “সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদ”।

শিল্পকলার মুক্তমঞ্চে শুরু হওয়া এ আয়োজনের কথামালা পর্বে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।

সংগীতশিল্পী কারেবী সেনগুপ্তার সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় কথামালায় অংশ নেন সংগীতশিল্পী দীপেন চৌধুরী, নাট্যজন সাইফুল আলম বাবু, অসীত দাশ পুলক, সংগঠক শিহাব চৌধুরী বিপ্লব, সাইফ চৌধুরী, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, নৃত্যশিল্পী শুভ্রা সেনগুপ্তা, অনন্য বড়ুয়া।

কথামালা পর্বের পর দলীয় সংগীত, বৃন্দ আবৃত্তি, দলীয় নৃত্য, নাট্যাংশ অভিনয় ও পেশাজীবী শ্রমজীবী বিতর্কে অংশ নেয় সমাজ সমীক্ষা সংঘ, তারুণ্যের উচ্ছ্বাস, দৃষ্টি চট্টগ্রাম, অরিন্দম নাট্য সম্প্রদায়, সংগীত ভবন, উত্তরাধিকার, সংগীততীর্থ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, নজরুল সংগীত শিল্পী সংস্থা, প্রপন একাডেমি এবং স্কুল অব ওরিয়েন্টাল ডান্স।




