মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন জানিয়েছেন, আজ দুপুর দুইটায় জাতীয় প্রেসক্লাবে তিনি প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন। তিনি লিখেছেন, 'আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।'
নিজের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন কিছু সুশীল ব্যক্তির সমালোচনা করে লিখেছেন, ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখেছেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ইশরাক হোসেন জানান, এখন থেকে তিনি কোনো সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন বিএনপি কর্মী হিসেবে কাজ করবেন। মাদক নির্মূলের বিষয়ে তিনি শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, 'মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!'
এছাড়া তিনি জানান, তার পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা হবে এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন জেলা সফর করতে পারবেন।




