নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন করবেন বন্দরনগরীর প্রধান পূজামণ্ডপ হিসেবে খ্যাত জে এম সেন হল প্রাঙ্গন। নিকটতম সময়ের মধ্যে প্রথমবার কোনো প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে চট্টগ্রামে সাজ সাজ রব পড়েছে। পূজার্থীদের মধ্যে যুগপৎ কৌতুহল ও উৎসাহ বিরাজ করছে।তাঁর আগমন ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রস্তুতি চলছে চট্টগ্রামজুড়েও।
প্রধানমন্ত্রীর সফর ও দুর্গাপূজা উপলক্ষে নগর ও জেলায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকছেন।পাশাপাশি সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন ও ফুটপাত দখলমুক্ত করার কাজও চলছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রশাসন, সিটি করপোরেশন এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, এলাকার সংসদ সদস্য আবু সুফিয়ান, সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী দুইদিন ধরে বারবার জেএম সেন হল মণ্ডপ পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ প্রস্তুতি অবহিত হচ্ছেন। জেএম সেন হলকে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বলয়ের আওতায় এনেছে। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে সিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছিলেন মহানগর বিএনপির নেতারাও।
নগর বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য এরশাদ উল্লাহ জানালেন, প্রাথমিক সফরসূচি অনুযায়ী ঢাকা থেকে সরাসরি এসে আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন। এরপর সার্কিট হাউজে কিছুক্ষণ অবস্থান করে সেখান থেকে সরাসরি বিমানবন্দরে যাবেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।
চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম মহানগর বিএনপি ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং আর্থিক অনুদান দেবেন। জে এম সেন হলে তিনি প্রায় ৪০ মিনিট অবস্থান করবেন। পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে হোটেল র্যাডিসন ব্লুতে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে রাতে সেখান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পুলিশের সমন্বয় রয়েছে।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি বলেন, প্রথমবারের মতো বন্দরনগরীর কোনো পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী। তাঁর আগমনের খবরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। প্রধানমন্ত্রীর আগমন দুর্গোৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। নগরীর রহমতগঞ্জের জে এম সেন হল প্রাঙ্গণ চট্টগ্রামের দুর্গাপূজা উদযাপনের অন্যতম প্রধান কেন্দ্র। এখানে প্রতিবছর কেন্দ্রীয়ভাবে পূজার আয়োজন করা হয়, যা ধর্মীয় আচার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্বজনীন মিলনমেলায় পরিণত হয়।




