নগর প্রতিবেদক: চট্টগ্রামে আদালত চলাকালে এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে ছুরিকাঘাতের ঘটনায় ইলিয়াস হোসেন অপু (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’(এসআরবি)-৭।
আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) এসআরবি-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার পাহাড়ি আবাসিক এলাকার জিয়াউর রহমানের বাড়ির সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার অপু পাঁচলাইশ থানার হাদু মাঝিপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে।
এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কোতোয়ালি থানায় গত ৭ সেপ্টেম্বর দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত ইলিয়াস হোসেন প্রকাশ অপু পাহাড়ি আবাসিক এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৭-এর ভাষ্য, গত ৭ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় নুরুল কবিরকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় মামলা করা হয়। মামলায় ইলিয়াস হোসেন প্রকাশ অপুকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
এসআরবি-৭ আরও জানায়, সিডিএমএস পর্যালোচনা করে ইলিয়াস হোসেন প্রকাশ অপুর বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ, কোতোয়ালি ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।
এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষের সামনে ব্যবসায়ী নূরুল কবির একটি মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের জামিনের বিরোধিতা করার জন্য আদালতে উপস্থিত হলে উক্ত মামলার প্রধান আসামী অপুসহ অন্য আসামীরা সংঘবদ্ধ হয়ে এমন ঘটনা ঘটায়। ঘটনার পর পর অপুসহ অপরাপর আসামিরা আত্মগোপনে চলে যায় । ঘটনার পরদিন নূরুল কবিরের স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে ইলিয়াস হোসেন অপু, ইমরান, আনোয়ার, পুলিশের সোর্স কেসিনো সম্রাট জয়নাল আবেদীন সোহেল, কুলসুমা আক্তার এবং উর্মি আক্তারকে আসামি করে মামলা (নং ১২(৯)২৬)দায়ের করেন।




