নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ১৪তম দিনেও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।এই কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য ভবনের সামনে থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরা একটি র্যালি বের করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষক দিবস উপলক্ষ্যে আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পাশে থাকা চুয়েটের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবির প্রতি সমর্থন জানান। পাশাপাশি চলমান সংকটের দ্রুত সমাধান এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটের পরিস্থিতি অচলাবস্থার দিকে যায়। এর ধারাবাহিকতায় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এদিকে দীর্ঘদিন ধরে চলমান শাটডাউনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কর্মকান্ড স্থবির হয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। দ্রুত আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




