দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রাম নগরের নিউ মার্কেট থেকে কোতোয়ালি পর্যন্ত সড়কের ফুটপাত ও সড়ক দখল করে বসানো হকার ও অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। একইসঙ্গে সিডিএ ভবন-সংলগ্ন এলাকা ও বিপণিবিতান (নিউ মার্কেট) এলাকার ফুটপাত ও সড়ক হকারমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
রোববার (৪ অক্টোবর) সকালে হকারদের নিজ নিজ দোকানপাট ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা মালামাল সরিয়ে না নেওয়ায় বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে চউক চেয়ারম্যানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় অভিযানের খবর পেয়ে অনেক হকার প্লাস্টিক ও কাপড় দিয়ে মালামাল ঢেকে দ্রুত সেখান থেকে সরে যান। অভিযান শেষে বিপণিবিতান বণিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন চউক চেয়ারম্যান। বৈঠকে ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা, যানজট ও জনদুর্ভোগের বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে এলাকাটি পুনরায় পরিদর্শনকালে কয়েকজন হকারকে আবারও দোকান বসানোর চেষ্টা করতে দেখা যায়। পরে সিডিএ চেয়ারম্যানের নির্দেশনায় তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, সিডিএ ভবন-সংলগ্ন এলাকা এবং বিপণিবিতান-সংলগ্ন ফুটপাত ও সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের জায়গা দখল করে ব্যবসা করার সুযোগ নেই। জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এসব এলাকা দখলমুক্ত রাখা হবে।
তিনি বলেন, হকারদের পুনর্বাসনের বিষয়টি মানবিক ও সমন্বিতভাবে বিবেচনা করা হবে। এ বিষয়ে চউক চেয়ারম্যান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং পুলিশের সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সিডিএ চেয়ারম্যান আরও বলেন, হকার নেতারা আগামীকাল (সোমবার) থেকে এসব এলাকায় আর না বসার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা প্রতিশ্রুতি অনুযায়ী অবস্থান করলে বিষয়টি সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে। তবে পুনরায় ফুটপাত বা সড়ক দখল করে বসলে চউকের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ. এ. এম. হাবিবুর রহমান, মোহাং মনজুর হাসান, স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন ও সচিব নূর-ই-জান্নাত রুমিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




