দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রামের বহদ্দারহাটে বাজার তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে নকল ঘি উৎপাদনের দায়ে ‘এম আর কনজিউমারস প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৪ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ ঢাকা পোস্টকে বলেন, ঘি মূলত দুধ থেকে তৈরি হওয়ার কথা থাকলেও ওই প্রতিষ্ঠানে দুধের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। পামওয়েল, কৃত্রিম ফ্লেভার এবং রঙ মিশিয়ে অত্যন্ত অস্বাস্থ্যকর উপায়ে সেখানে নকল ঘি উৎপাদন করা হচ্ছিল। পরে প্রতিষ্ঠানটির মালিক অপরাধ স্বীকার করলে উৎপাদিত মালামালসহ সব উপকরণ ধ্বংস করা হয় এবং তাৎক্ষণিক তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের সঠিক ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ‘পারভিন ট্রেডার্স’ নামের একটি ডিমের দোকানকে ১০ হাজার টাকা এবং ‘হোসেন এন্টারপ্রাইজ’ নামের একটি এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে ‘আরিফের ফল বিতান’ নামের একটি ফলের দোকানকেও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুহাম্মাদ আনিছুর রহমান ও রানা দেবনাথসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।




