সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও বিএনপিকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কেরানীহাট এলাকায় উত্তর সাতকানিয়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে নেতা-কর্মীরা এ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পানির স্রোতে ভেসে আসা কেউ নয়। তাঁর সম্পর্কে কেউ কিছু মন্তব্য করতে গেলে বুঝেশুনে করতে হবে। কারণ তারেক জিয়া শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার। যার মা-বাবা দু’জনই এ দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিলেন। দেশের জন্য যাদের অবদান মানুষ আজও শ্রদ্ধাভরে স্মরণ করে। তাই নাসীরুদ্দীনের এমন মন্তব্য চরমদৃষ্টতা ছাড়া আর কিছু নয়। বিএনপি ৫ আগস্টের পর জন্ম নেওয়া দল নয়। তারেক জিয়া সম্পর্কে যেন তেন মন্তব্য বিএনপি ও অঙ্গ সংগঠনসহ দেশের মানুষ সহ্য করবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাসীরুদ্দীন তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, নাসীরুদ্দীন পাটওয়ারী শুক্রবার (০২ অক্টেবর) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার কেরানীহাটের সী ওয়ার্ল্ড কনভেনশন হলে উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সম্মানিত নাগরিকদের সাথে মতবিনিময় সভা এবং যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারেক রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিএনপি সম্পর্কে নানা ধরনের উদাহরণ টেনে বক্তব্য দেন। নাসীরুদ্দীন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের নব্য ফ্যাসিবাদের পাহারাদার এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে বক্তব্য দেন।
এছাড়াও বিএনপিকেও নানাভাবে কটাক্ষ করে বক্তব্য দেন নাসীরুদ্দীন। বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা যখন নতুন স্বপ্নের কথা বলি, তারা আমাদেরকে তকমা দেয় বেয়াদব। শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ হতে রাজি না। ওরা আমাদেরকে দিনেদুপুরে ভয় দেখায়। ভবিষ্যৎ কি হবে, টাকা না কামাইলে কি হবে? বহু টাকাওয়ালা আমরা দেখেছি, বহু সম্পদশালী আমরা দেখেছি।
তিনি আরও বলেন, দুই দল একটা হলো ভারতের দালাল আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ), আর একটা হলো মানুষের পকেট কেটে নেওয়া চাঁদাবাজ বিএনপি বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে। এই নষ্টদের থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। যদি এই নষ্টরা তাদের কার্যক্রম চালিয়ে যায় তাহলে আগামীকাল তারেক রহমানের সন্তান জাইমা রহমানও বিপদে পড়বে। কারণ জাইমা রহমানও আগামীর ভবিষ্যৎ এবং আমাদের সমবয়সী প্রজন্ম।
প্রশ্ন রেখে নাছির উদ্দিন বলেন, আমরা বলতে চাই, আমরা অনেক কষ্ট-সাধনা করে এই বৈপ্লবিক পরিস্থিতি থেকে একটি গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যাত্রা করেছি। আমরা চেয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে। আপনারা বলেছিলেন আগে নির্বাচন দেন, তাহলে বাংলাদেশে সংস্কার হয়ে যাবে। যদি নির্বাচন দেন, তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যদি নির্বাচন দেন, বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। নির্বাচন হয়ে গেল, চাঁদাবাজি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেল, দুর্নীতি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেল, সন্ত্রাসী বেড়েই চলছে। এখন আমরা প্রশ্ন রাখতে চাই, এগুলো কারা করে ?




