নগর প্রতিবেদক: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে জেলা প্রশাসনের পূর্বঘোষিত ২হাজার মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এর অন্যতম প্রধান বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এডিস মশা যাতে বংশবিস্তার করতে না পারে, সেজন্য বাড়ি,ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাতে হবে।
তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধ একটি সম্মিলিত দায়িত্ব। প্রশাসনের একার পক্ষে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।চট্টগ্রাম জেলার ২হাজার মসজিদকে কেন্দ্র করে পরিচালিত এ পরিচ্ছন্নতা কার্যক্রমের মূল উদ্দেশ্য শুধু মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা নয়, বরং মসজিদকে কেন্দ্র করে আশপাশের মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।
মসজিদের ইমাম ও খতিবগণ জুমার খুতবা ও অন্যান্য সময়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা প্রদান করলে তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
জেলা প্রশাসক উল্লেখ করেন, কোথাও জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, ফুলের টব, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র কিংবা অন্য কোনো স্থানে পানি জমে থাকলে সেখানে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই নিয়মিতভাবে এসব স্থান পরিদর্শন করে জমে থাকা
পানি অপসারণ করতে হবে এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে হবে এবং প্রতিরোধে চট্টগ্রামবাসীকে আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘নিজের বাড়ি, নিজের প্রতিষ্ঠান এবং নিজের আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুললেই ডেঙ্গু প্রতিরোধে বড় ধরনের ভূমিকা রাখা সম্ভব।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আবদুল কুদ্দুছ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বক্তৃতা করেন ।
চট্টগ্রাম জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তর/সংস্থা, রোভার স্কাউট, গার্লস গাইড, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তৃতা শেষে অতিথিরা জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করেন।
Post Views: 5




