নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পশ্চিম কলাউজানে পুকুরে ডুবে ২বোনের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ১৫ আগস্ট শনিবার বিকেলবেলা তাদের একসাথে মৃত্যু হয়েছে।
এ দু’কন্যাশিশু পশ্চিম কলাউজান শাহ মজিদিয়া হেফজখানা ও এতিমখানার শিক্ষক হাফেজ মো. ইউনুচের কন্যা। হাফেজ মো. ইউনুচ উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি অত্র শিক্ষাপ্রতিষ্ঠানে অনেকদিন ধরে শিক্ষকতা করে আসছেন। সপরিবারে শিক্ষা প্রতিষ্ঠানের নিকট এক বাসায় ভাড়ায় থাকেন।
ঘটনার দিন বিকেলবেলা দু’বোন একসাথে বাসার নিকটস্থ পুকুরে গোসল করতে নামে। কিন্তু আর ফিরে উঠেননি। সেখানে তাদের মৃত্যু হয়েছে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ২বোনের মরদেহ পুকুরে পাওয়া যায় ভাসমান অবস্থায়। তাৎক্ষনিকভাবে এ ২বোনের নাম পাওয়া যায় নি। তাদের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায়ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।




