দি ক্রাইম ডেস্ক: সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, হেনস্তা এবং চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস. কে. বারী ও প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান।
মিছিল থেকে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। একইসঙ্গে সরকারি দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এ সময় বক্তারা নিয়োগ বিধি-২০২০ সংশোধন, দ্রুত পদোন্নতি নিশ্চিতকরণ এবং সর্বস্তরের কর্মচারীদের ওভারটাইমের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপসহ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাদের ওপর কোনো ধরনের হামলা, হেনস্তা বা নিরাপত্তাহীনতা মেনে নেওয়া হবে না। রেলওয়ের নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা আরও বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।




