দি ক্রাইম ডেস্ক: রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে লেত্তবাপকে (৫০) গুলি করে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। আগামী সোমবার (১১ মে) দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে আধবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে সাজেকের উজো বাজারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে ইউপিডিএফের নেতাকর্মীরা এই কর্মসূচির ঘোষণা দেন। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন কর্মসূচি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে একদল সশস্ত্র ব্যক্তি সাজেকের শুকনাছড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। প্রাণ বাঁচাতে তিনি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মৃত্যু বরণ করেন। স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর ‘কালেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করতেন।
হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক বাসিন্দা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি মোকাবিলায় এবং সম্ভাব্য সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নিহত হেগেরা চাকমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।




