বনানী প্রতিনিধিঃ রাজধানীর বনানী ১৯নং ওয়ার্ড এর আওতাভুক্ত কড়াইল আদর্শনগর এলাকার (ক) ব্লক জামাই বাজার ১নং ইউনিট মহিলা আওয়ামী লীগের নেত্রী ইসমত আরা ও তার ছেলে মোঃ হৃদয় মিয়ার (২৫) বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মিম আক্তার (১৯) অভিযোগ করেন, স্বামীর দাবিকৃত ১ লাখ টাকা যৌতুক না দেওয়ায় শাশুরি ও স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়েছেন।
মিমের মা অভিযোগ করেন, যৌতুকের টাকার জন্য তার মেয়ের উপর অমানবিক নির্যাতন চালায় তার স্বামী হৃদয় মিয়া ও শাশুড়ি ইসমত আরাসহ শশুর বাড়ির লোকজন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেও কোনো বিচার পাচ্ছে না বলে অভিযোগ করেছে মিমের পরিবার।
মিমের পরিবার জানায়, স্থানীয় কাউন্সিলের কাছে এ বিষয়ে অভিযোগ করেও সমাধান পাচ্ছেন না। কাউন্সিলের কাছে অভিযোগ করার পরে আরও রেগে যায় হৃদয়ের পরিবার। মিমের উপর চালায় অমানবিক নির্যাতন।
এ বিষয়ে প্রতিবেদক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করলে নির্যাতনের কথা সত্য বলে অনেকে জানান।
মিম আক্তার জানান, সে ৩ মাসের অন্তঃসত্ত্বা। এদিকে গত ১৬ মার্চ, মিম আক্তারকে স্বামী হৃদয় মিয়া নির্যাতন করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। হৃদয় মিমের পরিবারকে হুমকি দেয়, ‘টাকা দিতে না পারলে মেয়েকে যেনো আর না পাঠায়। এ নিয়ে কোনো মামলা করলেও ভালো হবে না, আমি আওয়ামী লীগের নেত্রীর ছেলে।’
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মাহমুদুল হাসান প্রতিবেদকে ফোনে বলেন, ‘অভিযোগ হাতে এখনো পাইনি। অভিযোগ পেলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নিবেন।’
Post Views: 745



