চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর (দোলবাড়ি) গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান লিংকনকে অশ্রাব্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এতে কুমিল্লা জেলা জামায়াতে আমীর অ্যাডভোকেট শাহজাহান লিংকনকে অপমানের ঘটনায় ক্ষোভ, ও দ্রুত গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর।
ভিডিওতে দেখা যায়, চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কিং ছুপুয়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. রিপন মিয়া প্রকাশ্যে অ্যাডভোকেট লিংকনকে অবমাননাকর ভাষায় গালাগালি করছেন, ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই অ্যাডভোকেট লিংকন,ঘটনা প্রসঙ্গে অ্যাডভোকেট শাহজাহান লিংকন বলেন,অনলাইনের মাধ্যমে ভিডিওটি দেখতে পাই, পরে খোঁজ নিয়ে ব্যক্তিটির পরিচয় নিশ্চিত হই, আমার সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই, কেন তিনি এমন আচরণ করলেন তা আমার বোধগম্য নয়, বিষয়টি আল্লাহর কাছে সোপর্দ করলাম, আশা করি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।
৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার তৌহিদুল ইসলাম স্বপন বলেন, রিপন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ছড়াচ্ছে। তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। এখন সে একজন সুপ্রিম কোর্টের আইনজীবীকেও হুমকি দিচ্ছে-এটি অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের প্রশ্ন একজন মাদক ব্যবসায়ী এত সাহস পেল কীভাবে?
তাদের অভিযোগ, রিপন মিয়া বহু বছর ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে, কিন্তু প্রশাসন আইনগত ব্যবস্থা না নেওয়ায় সে আরও বেপরোয়া হয়ে উঠেছে।
প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ভিডিওটি সংগ্রহ করা হয়েছে, তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উত্তেজিত এলাকাবাসী দ্রুত রিপন মিয়ার গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়ালে কেউই নিরাপদ নয়।
এই বিষয়ে রিপন এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এই বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।




