টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।
সোমবার(১৪ মার্চ) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মাজেদুর রহমান সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আহমদ জানান, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর মিরপুর গ্রামের একটি আখখেত থেকে শান্তা আক্তার নামে ১২ বছর বয়সী মেয়েটির লাশ উদ্ধার করা হয়। সে সময় তার গলায় ওড়না পেচানো ছিল। পরের দিন মেয়েটির ভাই বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করলে পুলিশ তদন্তের এক পর্যায়ে মাজেদুরকে গ্রেপ্তার করে। পরে মাজেদুর শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
রায় ঘোষণার পর মেয়েটির পরিবার দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছে।




