সুকান্ত বিকাশ ধর: সাতকানিয়ায় সড়কে মোটরসাইকেলকে সাইড দেয়া না দেয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে স্থানীয়দের হামলায় বর, বরের মা ও বরযাত্রীসহ অন্তত ৬জন আহত হয়েছেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে সাতকানিয়া পৌরসভার পূর্ব গোয়াজরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীরা ১টি মোটরসাইকেল ও ১টি রিক্সা ভাংচুর করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতরা হলেন,বর মো.ইউনুস (২৯),লায়লা বেগম(৬৫),ফরিদুল আলম(৩৭),মো.সাকিব(২২),মো.আকিবও মো.ইমরান।তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, আজ সোমবার দুপুরে সাতকানিয়া পৌরসভার পূর্ব গোয়াজর পাড়ার বাসিন্দা আবুল কাশেমের মেয়ে তাসফিয়ার বিয়ে উপলক্ষে খাবারদাবারের আয়োজন চলছিল। বিকাল ৪ টার দিকে কার ও মিনি বাস নিয়ে অর্ধশতাধিক বরযাত্রী বিয়ে বাড়িতে আসলে সড়কে একটি মোটরসাইকেলকে সাইড দেয়া না দেয়াকে কেন্দ্র করে নিয়ে বরযাত্রী পক্ষের লোকজনের সাথে স্থানীয় কিছু বখাটে যুবকের সাথে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় জাহেদের নেতৃত্বে ১০-১২ জনের বখাটের একটি দল লাঠিসোঁটা নিয়ে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে বরযাত্রীদের মারধর করে। ভাংচুর করে ১টি মোটরসাইকেল ও ব্যাটারী চালিত রিক্সা। এ সময় আহত হন বরযাত্রীসহ অন্তত ৬জন।পরে ৯৯৯ এ ফোন পেয়ে সাতকানিয়া থানা পুলিশের সহকারী উপপরিদর্শক দীপক চন্দ্র ধর এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে বরযাত্রী আবদুল ওয়াহেদ বলেন, বর নিয়ে আমরা বিয়ে বাড়িতে আসলে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা অতর্কিত ভাবে লাঠিসোঁটা ও হক স্টিক নিয়ে আমাদের উপর হামলা চালিয়ে মারধর করেছে। এতে আমাদের সাথে আসা বর ও তার মা লায়লা বেগমসহ অনেকে আহত হয়েছে। সন্ত্রাসীরা আমাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দীপক ধর বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশি নিরাপত্তায় ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এব্যাপারে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




