মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশা বোঝাই ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।আজ রোববার (১৪ জুলাই) তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ত্রিনাথ সাহা।
আটককৃতরা হলেন- চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে মোঃ ইউসুফ ও জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের কাজী অহিদুর রহমানের ছেলে কাজী মোঃ লিটন।
চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা জানান, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম’র দিক-নির্দেশনায় থানা পুলিশের একটি টিম চিওড়া ইউনিয়নের ঘোষতল এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দু’জনকে আটক করা হয়। এ সময় একটি স্কুল ব্যাগ ও একটি প্লাস্টিকের বস্তায় থাকা ২৫ কেজি গাঁজা উদ্ধার ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আটককৃত ইউসুফ ও লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমি চৌদ্দগ্রামকে একটি মাদক মুক্ত চৌদ্দগ্রাম উপহার দেওয়ার জন্য নিরলসভাবে শ্রম দিচ্ছি।




