নিজস্ব প্রতিবেদক>>
মাদক পাচার মামলায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
সোমবার চট্টগ্রামের ৭ম অতিরিক্ত দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এই রায় দেন। দন্ডপ্রাপ্ত যুবকের নাম মো. শাহজাহান (৩০)। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার জিংলাতলী এলাকার মোহাম্মদ আলীর পুত্র। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ।
তিনি বলেন, ৫ হাজার পিস ইয়াবা পাচার মামলায় আসামি মো. শাহজাহানকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বর্তমানে আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
উল্লেখ্য ২০২১ সালের ১৫ জুন সকালে লোহাগাড়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা কমপ্লেক্সের গেইট এলাকার সামনে মো. শাহজাহানের মোটরসাইকেল থামিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেন তৎকালীন থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২২ সালের ৩০ মে মো. শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।




