নগর প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে নগরীতে শুরু হয়েছে জয় বাংলা কনসার্ট। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এই কনসার্ট শুরু হয়েছে জনপ্রিয় ব্যান্ড তীরন্দাজের পরিবেশনার মধ্য দিয়ে।
কনসার্ট শুরুর অনেক আগে থেকে হাজার হাজার তরুণ তরুণী স্টেডিয়ামে প্রবেশ করেন। আজ মাঝরাত পর্যন্ত কনসার্ট চলবে। কনসার্টে আরও পরিবেশন করবে অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, কার্নিভাল, আর্টসেল এবং ক্রিপটিক ফেইট।
তীরন্দাজের পর মঞ্চে উঠবে কার্নিভাল। সবশেষ রাত ১০টা ৩৫ মিনিটে মঞ্চে উঠবে ব্যান্ড আর্টসেল। প্রতিটি ব্যান্ডই যথাক্রমে ৪৫ মিনিট করে পরিবেশনা করবে।
এর আগে সাতবার ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজন হলেও এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রামে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। বর্তমান প্রজন্মকে দেশের ঐতিহাসিক এই দিনের সঙ্গে সংযুক্ত করতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট।




