দি ক্রাইম ডেস্ক: আজ মহাকবি কায়কোবাদের ৭২তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৫১ সালে ২১ জুলাই মৃত্যুবরণ করেন। ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কায়কোবাদ।
কায়কোবাদ কবির সাহিত্যিক নাম হলেও তার প্রকৃত নাম কাজেম আল কোরেশী। তার বাবার নাম শাহমত উল্লাহ আল কোরেশী। মাত্র ১৩ বছর বয়সে ১৮৭০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’ প্রকাশ হলে বাংলা সাহিত্যাঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়।
১৯০৪ সালে তার মহাকাব্য ‘মহাশ্মশান’ প্রকাশ হলে তিনি মহাকবি উপাধি লাভ করেন। কবিতা লেখার পাশাপাশি তিনি দীর্ঘদিন নিজ এলাকা ডাকঘরে চাকরি করেছেন। ১৯২৫ সালের ২ সেপ্টেম্বর ‘নিখিল ভারত’ সাহিত্য সংঘ কর্তৃক কায়কোবাদ কাব্যভূষণ ও সাহিত্য-রত্ন উপাধিতে ভূষিত তিনি।
ছাত্রজীবন থেকেই কবির কাব্যচর্চা শুরু হয়। অশ্রুমালা, অমিয় ধারা, প্রেমের ফুল, প্রেমের বাণী, গাওছ পাকের প্রেমের কুঞ্জসহ তার বহু সংখ্যক কবিতা রয়েছে।
কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জুমা আজিমপুর কবরস্থানে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে এলাকাভিত্তিক সংগঠন মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ। এছাড়া সংগঠনটির আয়োজনে বাদ জুমা কবির নিজ গ্রাম আগলা পূর্বপাড়া মিয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, আগলা দরগাবাড়ি জামে মসজিদ ও আগলা কালুয়াহাটি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।




