দি ক্রাইম, নওগাঁ: বাংলাদেশ এখন ফল উৎপাদনে সাফল্য অর্জন করেছে। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে আমের উৎপাদন অনেক বেড়েছে। একারণে নওগাঁর আমকে ব্রান্ডিং করার পরিকল্পনা নেয়া হয়েছে। আজ শুক্রবার (২৪ জুন) কৃষিবিদ ইনষ্টিটিউটে ‘কৃষি নির্ভর অর্থনীতি বিকাশের লক্ষে কৃষকের পাশে আমরা’ স্লোগান নিয়ে তিন দিনব্যাপী আম মেলা উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, নওগাঁ এখন আম উদ্বৃত্ত জেলা। এ জেলার আম দেশের বাইরেও যাচ্ছে। দেশ বিদেশের বাজারে নওগাঁর আমের পরিচিতি বাড়ছে। এ সুনাম ধরে রাখতে হবে।
আম সংরক্ষণ ও বহুমুখি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, আমের বহুমুখি ব্যবহার বাড়াতে হবে। আম দিয়ে নানা ধরনের পণ্য প্রস্তুত করা যায়। নওগাঁ জেলার সাপাহারে ইকোনোমিক জোন প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে গেছে। এটি চালু হলে আম প্রক্রিয়াজাত করার সুযোগ তৈরি হবে-আম চাষীদের আম নিয়ে দুশ্চিন্তা থাকবে না।
নওগাঁ জেলা সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল ও মো. আবু হান্নান দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।
নওগাঁ জেলা সমিতি,ঢাকার আয়োজনে এ মেলায় সুস্বাদু নাগফজলি, ল্যাংড়া, বারি ৪, হাড়িভাঙ্গা ও আম্রপলিসহ নানা জাতের আম পাওয়া যাচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।




