ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম এবং তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, গুদামে মজুত থাকা প্রায় তিন হাজার মণ পাটসহ মোট প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ভাষ্যমতে, শনিবার রাত ১০টার দিকে বাজারের একটি পাটের গুদামে প্রথম আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পার্শ্ববর্তী গুদাম ও দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় সাতটি পাটের গুদাম ছাড়াও একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান ভস্মীভূত হয়।
খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। যদিও এর আগেই গুদাম ও দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে গেছে, তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
বাজারের ব্যবসায়ী কাসেদ মন্ডল জানান, হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে। তদন্ত শেষ হলে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।




