দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এর ফলে টানা চার দফায় প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমল।
রোববার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে নতুন এই দর সমন্বয়ের তথ্য জানানো হয়। একই দিন সকাল ৯টায় বাজুসের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্যতালিকা আজ রোববার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস ঘোষিত নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, যা গতকাল শনিবার পর্যন্ত ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।




