সৌদি আরবের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষাপটে দেশটির নাগরিকদের জন্য কঠোর ভ্রমণ সতর্কতা জারি করেছে ইতালি। বৃহস্পতিবার হালনাগাদ করা এক নির্দেশনায় ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সৌদি আরবে সব ধরনের ভ্রমণ স্থগিত রাখতে বলেছে। একই সঙ্গে, সৌদি আরবের ভূখণ্ডে অবস্থিত বিমানবন্দরগুলো এড়িয়ে চলার এবং প্রয়োজনে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সৌদি আরবের ভেতরে বা সীমান্ত পেরিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াত করতে হলে আকাশপথের পরিবর্তে বিকল্প কোনো পরিবহন ব্যবস্থা বেছে নিতে হবে। সৌদি আরবে অবস্থানরত ইতালির নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় কর্তৃপক্ষের সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের যেখানে আছেন, সেখানেই নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর কাছাকাছি না যাওয়ার জন্য নাগরিকদের সতর্ক করেছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং সামরিক তৎপরতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোও এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী এলাকা, যেমন সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান, নাজরান ও আসির প্রদেশে ভ্রমণের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।




