দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে রবিবার এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ১৯৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে।
অধিদপ্তর জানায়, গত শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৯ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৩৮ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২২১ জন, বরিশালে ২০৫ জন, সিলেটে ১২৩ জন, খুলনায় ৭৫ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৪৭ জন এবং রাজশাহীতে ৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।




