ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জন নিহত হয়েছেন। শনিবার সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিটের দিকে বৃষ্টির সময় পূজামণ্ডপে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় জমেছিল। এ সময় গিরিশ পার্ক থানার অধীন সারদা পার্কের চোরবাগান পূজামণ্ডপের বহির্গমন ফটকে হুড়োহুড়ির সৃষ্টি হলে এই পদদলনের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পর থেকেই পূজামণ্ডপটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৩৫ জনকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে (এমসিএইচ) নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুলিশ, দমকল বাহিনী, দুর্যোগ মোকাবিলা দল, কন্ট্রোল রুম এবং চিকিৎসক দল ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্য সচিব মনোজ আগরওয়াল পরিস্থিতি পর্যালোচনা করতে হাসপাতালে পৌঁছেছেন। এছাড়া পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং মা দুর্গার কাছে আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ভিড়ের চাপে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাদের অনেককে দ্রুত মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, পূজামণ্ডপের প্রবেশপথ এবং বের হওয়ার ফটকগুলো অত্যন্ত সরু হওয়ায় এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২৩: ৩২আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ২৩: ৩৫




