দিল্লির একটি আদালতের নির্দেশে শনিবার (১৭ অক্টোবর) সকালে মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আদালতের শর্ত অনুযায়ী, ৫০ হাজার রুপি মুচলেকা প্রদান এবং ভবিষ্যতে শান্তিশৃঙ্খলা ভঙ্গ না করার প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি মন্দির মার্গ থানা থেকে মুক্তি পান।
এর আগে শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ পদযাত্রায় অংশ নিতে যাওয়ার পথে পুলিশ তাকে আটক করে। একই কর্মসূচিতে অংশ নিতে গিয়ে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাও আটক হয়েছিলেন, তবে দিল্লি পুলিশ জানিয়েছে শনিবার ভোরেই তাকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, যন্তর মন্তরে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা থাকার কারণে শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে পদযাত্রা শুরুর আগেই নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে ‘প্রতিরোধমূলক হেফাজতে’ নেওয়া হয়েছিল। ওই কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা ছিল। পুলিশের বাধা সত্ত্বেও শিক্ষার্থী ও অন্যান্য আন্দোলনকারীরা পতাকা হাতে ছোট ছোট পদযাত্রা বের করেন। নেহা বোরাকে দিল্লি পুলিশ আইনের অধীনে আটকের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই মুক্তি দেওয়া হয়।
তবে অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় শান্তি ভঙ্গের অভিযোগে নতুন মামলা দায়ের করে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এর আগে, গত ১০ অক্টোবর দিল্লি বিমানবন্দরে বিমানের ভেতর থেকেও দীপকেকে আটক করা হয়েছিল। তখনও শান্তি ভঙ্গের অভিযোগে মামলা হয় এবং তিনি এক বছরের জন্য শান্তিশৃঙ্খলা বজায় রাখার মুচলেকায় সই দিয়ে মুক্তি পেয়েছিলেন। এদিকে, সিজেপির আরও দুই নেতা আশুতোষ রঙ্কা ও সৌরভ দাস এখনও যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।




