যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিষেধাজ্ঞার প্রভাবে পাকিস্তানে ইরানের পণ্য রপ্তানি বর্তমানে সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে পাকিস্তান থেকে ইরানে পণ্য আমদানির প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
তেহরান চেম্বার অব কমার্সের পরিবহন কমিশনের প্রধান পেইমান সানানদাজি শনিবার ইরানের সংবাদ সংস্থা মেহরকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের ব্যাংক ও ব্যাংকিং ব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে বাণিজ্যিক লেনদেন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এর ফলে পাকিস্তানে পণ্য রপ্তানিকারক এবং ইরান থেকে পণ্য আমদানিকারী পাকিস্তানি ব্যবসায়ীরা উভয়ই বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।
সানানদাজির মতে, পাকিস্তান থেকে ইরানে পণ্য আমদানি চালিয়ে যাওয়া সম্ভব হলেও তা সম্পূর্ণভাবে পাকিস্তানের সহযোগিতার ওপর নির্ভরশীল। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি ইরানের ব্যাংকিং ব্যবস্থার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা অব্যাহত থাকে এবং প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা সম্ভব না হয়, তবে পাকিস্তানে ইরানের রপ্তানি কার্যত পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।




