পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মো. জিশান (৩০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ রোববার (১১ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে ওই মহাসড়কের পটিয়া শান্তিরহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে মো. হাসান (৩৮) নামের আরও একজন আহত হয়েছেন। নিহত অটোরিকশাচালক মো. জিশান সাতকানিয়া উপজেলার মনির হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। আহত মো. হাসান নগরীর বাকলিয়া এলাকার ছৈয়দ খানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শান্তিরহাট এলাকা অতিক্রম করার সময় দ্রুত গতির পূরবী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে।
ঘটনার পর স্থানীয় লোকজন ও পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের এসআই আবদুল বারেক বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘাতক বাসটি আটক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




