
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের জলিল গেট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত যুবক মো. ইয়াছিন প্রকাশ রনি (৩০) মারা গেছেন। রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইয়াছিন আরাফাত রনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের লাল মিয়া সারেং বাড়ির বাসিন্দা মৃত মোহাম্মদ ইসলাম ওরফে ইসলাম ফকিরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৪ জুলাই বিকেল প্রায় ৪টার দিকে ফৌজদারহাটের জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তিনদিন ধরে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও রবিবার রাতে তিনি মারা যান।
রনির চাচা কায়সারুল আলম জানান, রনি খুবই শান্ত, ভদ্র ও পরিশ্রমী ছেলে ছিল। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে। অভাব-অনটনের মধ্যেও একটি শিপইয়ার্ডে দৈনিক মজুরির কাজ করেও পরিবারের হাল ধরার চেষ্টা করছিল। কিন্তু একটি বেপরোয়া গাড়ির কারণে আজ সেই পরিবার তাদের একমাত্র ভরসাটুকুও হারাল।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রনি মারা যায়। এ ঘটনায় গাড়িটি আটক করা যায়নি।