
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুইটি তাজা ১২ বোর কার্তুজ ও দুইটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সরফভাটা ইউনিয়নের ওয়ার্ড সৈয়দুরখীল এজাহার মিয়া ফকিরের বাড়ির মৃত সুলতান আহাম্মদের ছেলে মো. আরিফ (২৬), একই ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়খোলা মিরেরখীলের মৃত মো. কামালের ছেলে মো. মনির হোসেন (২৩) ও বড়খোলা মিরেরখীলের মো. হোসেনের ছেলে মো. রাকিব (১৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সরফভাটা ইউনিয়নের সৈয়দুরখীল এলাকায় ইউসুফের চায়ের দোকানের পেছনে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে; গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়।
তল্লাশিকালে আরিফের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, মনির হোসেনের কাছ থেকে আরও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং রাকিবের কাছ থেকে দুইটি তাজা ১২ বোর কার্তুজ ও দুইটি ব্যবহৃত (খালি) ১২ বোর কার্তুজ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে পাহাড়ি এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে দক্ষিণ রাঙ্গুনিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল বলে স্বীকার করেছে।
এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ পূর্বকোণকে জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
