কর্ণফুলী প্রতিনিধি: বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ১১১ সদস্যবিশিষ্ট “চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি” অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বুধবার (২০ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে নীতি-নির্ধারণী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন এবং সদস্য সচিব মাজহারুল আলম মিথুন যৌথভাবে নবগঠিত এই কমিটির অনুমোদন দেন।নতুন এ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন চট্টগ্রামের সুপরিচিত সাংবাদিক, কলামিস্ট, মানবাধিকার কর্মী ও সমাজ সচেতন ব্যক্তিত্ব এম. সফিউল আজম চৌধুরীকে। তাঁর অন্তর্ভুক্তিকে সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহামীরপুর এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী এম. সফিউল আজম চৌধুরী ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। আদর্শ, সাহসিকতা ও আপসহীন নেতৃত্বগুণের কারণে তিনি তরুণ সমাজের কাছে সুপরিচিত হয়ে ওঠেন।শিক্ষাজীবন শেষে সমাজ পরিবর্তন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার প্রত্যয়ে তিনি সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করেন।
বর্তমানে তিনি জাতীয় ও স্থানীয় বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার ও সমসাময়িক ইস্যু নিয়ে নিয়মিত বিশ্লেষণধর্মী ও ক্ষুরধার উপ-সম্পাদকীয় কলাম লিখে পাঠক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।এছাড়াও মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এম. সফিউল আজম চৌধুরীর মতো একজন আদর্শিক, মেধাবী, বুদ্ধিবৃত্তিক ও সমাজমনস্ক ব্যক্তিত্বের সম্পৃক্ততা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও প্রাণবন্ত করে তুলবে।




