দি ক্রাইম, নওগাঁ: বাঙালি জাতির সমস্ত অর্জনের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তাই বাঙালি জাতির সব অর্জনই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, আওয়ামী লীগ বলে ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার আর বিএনপি বলে ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই স্লোগান বলে দেয় বিএনপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। বিএনপির বিচার জনগণের আদালতে হবে বলেও মন্ত্রব্য করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ২০২৩ সালের নির্বাচনে জনগণের হাতিয়ার, জনগণের ভোটের হাতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গর্জে উঠুক আরেকবার। নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে নওগাঁর ৬টি আসন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিল আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু হবে না। কোনো ষড়যন্ত্র তা রুখতে পারেনি। তাদের সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সারা দেশে আনন্দ শোভাযাত্রা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এ সময় সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, সহ-সভাপতি আব্দুল খালেক, শাহিন মনোয়ারা হক, রফিকুল ইসলাম রফিক ও শাকিল আহমেদ বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল ও মেহেদী হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, ইলিয়াস তুহিন রেজা ও হাসানুল আল মামুনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে হাতি ও নৌকা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা হয়।




