দি ক্রাইম ডেস্ক: অনলাইন জুয়া পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও বিদেশে পাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার রামপুরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন, সজীব দে (৩৭) ও মো. মাসুদ রানা (৩০)। এর আগে গত ২ সেপ্টেম্বর একই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে সিআইডি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার মনিটরিং সেলের অনুসন্ধানে দেশে-বিদেশে অবস্থানকারী একটি সংঘবদ্ধ চক্রের অনলাইন বেটিং কার্যক্রমের তথ্য পাওয়া যায়। চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বেটিং ওয়েবসাইটের বিজ্ঞাপন দিয়ে মানুষকে জুয়ায় সম্পৃক্ত করত।
তিনি বলেন, চক্রটি ভুয়া বা অস্তিত্বহীন দোকানের তথ্য ব্যবহার করে এমএফএস উদ্যোক্তা সিম ও অ্যাকাউন্ট খুলত। এমনকি দোকান না থাকলেও এসব অ্যাকাউন্ট তৈরি করা হতো। পরে জুয়ায় অংশগ্রহণকারীদের কাছ থেকে ওই অ্যাকাউন্টে টাকা নেওয়া এবং বিভিন্ন মাধ্যমে তা বিদেশে পাচার করা হতো বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।
ছুফি উল্লাহ জানান, এ ঘটনায় ৩১ আগস্ট পল্টন মডেল থানায় মামলা করা হয়। জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় করা মামলাটির নম্বর ৩৫।
মামলার তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে রামপুরার ৬৭, পূর্ব হাজীপাড়ার এসএস কর্পোরেশন (নগদ হাউজ)-এ অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ভুয়া এমএফএস অ্যাকাউন্ট খুলে অনলাইন জুয়া কার্যক্রমে ব্যবহারে সহযোগিতা এবং এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা স্বীকার করেছেন।
মামলাটির তদন্ত চলছে জানিয়ে ছুফি উল্লাহ বলেন, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।




