কক্সকাজার প্রতিনিধি: যারা রাজনৈতিক দলের পদ পদবী বিক্রি করে তারা দেহ ব্যবসায়ীদের চেয়ে নিকৃষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্যটি করেন৷
সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে স্বপন বলেন, রাজনৈতিক সংষ্কৃতিকে ধ্বংস ও রাজনীতিবীদের চরিত্র নষ্ট করার জন্য টকশো সূচনা হয়েছে। সেখানে বেকারদের আড্ডা চলে।
তিনি ক্ষোভের সাথে বলেন, যে কর্মীর চুলায় আগুন জ্বলেনা তাদের মূল্যায়ন করা হয় না দলে। নেতাদের তেল মারার জন্য বড় বড় সাইনবোর্ড টাঙিয়ে মন জয়ের চেষ্টা করা হয়। এসব নেতাকর্মীরা মাঝে মধ্যে বিশেষ সুবিধাও দিয়ে থাকে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান রহমান।
উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিতব্য এ সম্মেলন কাউন্সিলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের প্রায় ৩ হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে। ২৯২ জন কাউন্সিল রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সত্যবাণী/এসআই/এমআর



