দি ক্রাইম ডেস্ক: মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিস রুম থেকে ব্যাগ চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা সাংবাদিক পরিচয়ে ভিজিটিং কার্ড দিয়ে হাসপাতালে ঢুকে চুরির ঘটনা ঘটিয়েছেন বলে ভাষ্য ভুক্তভোগী চিকিৎসকের।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, মো. হারুন অর রশিদ, মো. বজলুর রহমান, মো. নাহিদুর রহমান এবং মো. সাইফুল ইসলাম।
এদের মধ্যে মৌসুমী দৈনিক ঢাকা পত্রিকা-এর স্টাফ করেসপন্ডেন্ট, রশিদ রাজধানী টিভির স্টাফ রিপোর্টার, বজলুর দৈনিক বিজনেস ফাইলের প্রতিনিধি, নাহিদুর রহমান দ্য ডেইলি গ্লোবাল ন্যাশন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও সাইফুল দ্য ডেইলি গ্লোবাল ন্যাশন পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি পরিচয় দিয়ে ওই হাসপাতালে ঢুকেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে এই পাঁচজনসহ মোট নয়জন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিস রুমে প্রবেশ করেন এবং কিছু সময় কথা বলেন। অফিস থেকে বের হওয়ার সময় তাদের মধ্যে একজন কৌশলে তত্ত্বাবধায়কের ব্যাগটি নিয়ে চলে যান। ব্যাগটি হারিয়ে যাওয়ার পরে সিসিটিভি ফুটেজ যাচাই করা হয়। এতে দেখা যায়, নাহিদুর রহমান শামীম ব্যাগটি কাঁধে নিয়ে অফিস ত্যাগ করছেন।
ডা. বাহাউদ্দিন জানান, তারা প্রথমে ভিজিটিং কার্ড দিয়ে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। ব্যাগটি হারিয়ে যাওয়ার পর তাদের ভিজিটিং কার্ডে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করা হলে তারা প্রথমে আশ্বাস দেন। এরপর তারা দাবি করেন ব্যাগটি নাকি মুক্তিযোদ্ধা সংসদে আছে এবং লোক পাঠিয়ে নিয়ে আসা যেতে পারে। কিন্তু সেখানে গিয়ে ব্যাগের কোনো খোঁজ মেলেনি। এই চুরি হওয়া ব্যাগে আনুমানিক ৪০ হাজার টাকা, বাসা ও অফিসের চাবি এবং মূল্যবান কাগজপত্র ছিল।
ব্যাগ চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ থানার ওসি কামাল উদ্দিন বলেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।




