ঢাকা অফিস: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন করার পর সাংবাদিকদের জানিয়েছেন, কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখনো চূড়ান্ত না হলেও ঢাকা থেকে নির্বাচন করবেন এ বিষয়টি নিশ্চিত। আজ রোববার(০৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন এই উপদেষ্টা।
পরে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন উপদেষ্টা।
“যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই,” বলেন তিনি।
কোন দল থেকে নির্বাচন করবেন সাংবাদিকদের এ প্রশ্নে তিনি জানান, “এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করব, তারপরে দেখা যাক।”
বিএনপি এই আসনটি যেহেতু ফাঁকা রেখেছে তাই কোনো যোগাযোগ হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, “আমার কারো সাথে কোনো আলোচনা হয়নি। কেউ, রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে একক ভাবেই নেব”।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করার পরে ঢাকায় ধানমন্ডি এলাকায় থাকার প্ল্যান করেছি।”সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। আপনারা তো জানেন, নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হলেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই হলো। সেই জায়গা থেকেই যাতে আমার ভোট নষ্ট না হয়, তাই এখানে ভোটার হওয়া।”
কবে নাগাদ পদত্যাগ করবেন এমন প্রশ্নে জানান, সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই জানানো হবে।




