ঢাকা ব্যুরো: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতে বিএনপিকে নির্বাচনে আনতে পররাষ্ট্রমন্ত্রীর প্রকাশ্যে অনুরোধই প্রমাণ করে যে, আওয়ামী লীগই বিদেশীদের কাছে ধর্ণা দেয়, বিএনপি নয়।আজ বুধবার (৬ এপ্রিল), জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
তিনি বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের কাছে অনুরোধ করেছেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে হবে। কিন্তু ওবায়দুল কাদের সব সময় বক্তব্য দেন, বিএনপি নাকি বিদেশিদের কাছে ধরনা দেয়। আজ প্রমাণিত হয়েছে, বিদেশের কাছে যাঁরা ধরনা দেয়, তারা হচ্ছে আওয়ামী লীগ।
বিএনপি মহাসচিব বলেন, আমেরিকার কাছে ধর্ণা দেয়ার কোনো দরকার নাই। বাংলাদেশেই প্রথম কাজটি করুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ‘গণতন্ত্রের মা’ তাকে মুক্ত করুন। যতোগুলো মিথ্যা মামলা রয়েছে তা প্রত্যাহার করুন এবং একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। একই সাথে আপনারা পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এটা হলো আপনাদের প্রথম কাজ।
মির্জা ফখরুল বলেন, আজকে এ সংকট উত্তরনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক দলগুলো শুধু নয় জনগণের ঐক্য। খালেদা জিয়াকে মুক্ত করে, সকল মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ক্ষমতা হস্তান্তর। আবারও বিরোধী দলবিহীন নির্বাচন করার জন্য ক্ষমতাসীনেরা এরই মধ্যে তৎপরতা শুরু করেছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিগত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের গ্রেপ্তারের কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ইশরাক হোসেনকে পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিরোধী দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সে জন্য তাঁরা সারা দেশে এ ধরনের মামলার মাধ্যমে সাজা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
সড়কে নিরাপত্তা দিতে সেতু মন্ত্রণালয় ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী সাহেব প্রতিদিন তিনি অত্যন্ত ললিত ভাষায় কনফারেন্স করতে থাকেন। কিন্তু তার মন্ত্রনালয় সবচেয়ে বেশি ভয়াবহভাবে ব্যার্থ হয়েছে ঢাকা শহরসহ সারাদেশে সড়কে নিরাপত্তা দিতে।
জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ ও বাংলাদেশ লেবার পার্টির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Post Views: 709




